বি.বাড়িয়ায় মুসল্লিদের সংঘর্ষে আহত ৫০
প্রকাশ : ১৫ মে ২০১৪, ০০:০৫
গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মুসল্লীদের দুই গ্রুপের সংঘর্ষে ২ পুলিশ সদস্য, নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছে। এ সময় দোকানসহ ১৫টি বাড়িঘরে ব্যাপক ভাংচুর এবং ২টি ঘরে অগ্নিসংযোগ করা হয়। উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি গ্রামে তাবলীগ জামাত ও সুন্নীপন্থিদের মধ্যে বিরোধের জের ধরে সকাল ১০টার দিকে এই সংঘর্ষ ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে গ্রামের মাইজহাটি এলাকায় তাবলীগপন্থি দিনমজুর মানজু মিয়া, হান্নান ও খান জালাল মিয়াকে সুন্নীপন্থি জনু মিয়া ও সহিদ মেম্বারসহ কয়েকজন আটকে বেধড়ক মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ব্যাপক লাঠিচার্জ এবং ৩৩ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে দাঙ্গাবাজরা স্থানীয় তোহা মিয়ার ২টি ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সানাউল হক, লুতু মিয়া, দ্বীন মোহাম্মদ, মাহফুজ মিয়া, শামীম মিয়া ও এরশাদ মিয়ার বাড়ির ১৫টি ঘরে ব্যাপক ভাংচুর চালায় ও কয়েকশ’ মণ ধান লুট করে নিয়ে যায়। এছাড়া নাজিরাবাড়ি বাজারে ওয়াজ মিয়া, সারোয়ার মিয়া ও ফিরোজ মিয়ার দোকান লুট করা হয় ।
সংঘর্ষে গুরুতর আহতদের মধ্যে সানাউল হক মাষ্টার, বজলু মিয়া, রহিমা খাতুন, জামেলা খাতুন, মনোয়ারা বেগম, জরিনা বেগমসহ ২৪ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও চিকিত্সা দেয়া হয়। সুন্নীপন্থি আহতরা পাশের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিয়েছেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কোন পক্ষই মামলা করেনি বলে তিনি জানান।