বাজেট প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন

বাজেট প্রণয়ন প্রক্রিয়ায় সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলী খান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাজেট প্রণয়নের ক্ষেত্রে কিছু ত্রুটি দেখা যাচ্ছে। তাছাড়া বাজেটের অনেককিছুই স্বচ্ছ নয়, ফলে বুঝা যায় না। অনেক সময় দেখা যায়, বাজেটের আয়-ব্যয়ের পরিকল্পনার বাইরে সংসদের অনুমতি ছাড়াই ব্যয় করা হয়। এতে বাজেটের পবিত্রতা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। গতকাল বুধবার সিএ ভবনে দৈনিক প্রথম আলো ও ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। আইসিএবি’র সভাপতি শওকাত হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সাবেক সচিব ফারুক আহমেদ সিদ্দিকী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মজিদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. আকবর আলী পরোক্ষ করের নেতিবাচক দিক তুলে ধরে বলেন, যখন প্রথম ভ্যাট (মূল্য সংযোজন কর) আরোপ করা হয় তখন পণ্য অনেক কম ছিল। তাই ১৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করা হয়। কিন্তু এখন পণ্য অনেক তাই এ হার কমানো উচিত। কারণ ভ্যাটের প্রভাব সবচেয়ে বেশি পড়ে দরিদ্র ও সাধারণ মানুষের উপর। আয়করের আওতা বাড়িয়ে কর হার কমানো উচিত উল্লেখ করে তিনি বলেন, এতে মানুষ কর দিতে উদ্বুদ্ধ হবে।