রাজশাহীতে আওয়ামী লীগ নেতার বাড়িতে বোমা হামলা

রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আসলাম সরকারের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা বোমা হামলা চালায়। বোমার স্প্রিন্টারে আসলাম সরকারের চেম্বারের দরজা ও জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। তবে হামলার সময় সেখানে কেউ অবস্থান না করায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বুধবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন এবং আলামত সংগ্রহ করেছেন। এ ব্যাপারে আসলাম সরকার বুধবার নগরীর বোয়ালিয়া মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করেছেন। আসলাম সরকার বলেন, ‘তিনি রাজশাহীর আদালতসমূহে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন। এ কারণে তার বাসায় বোমা হামলার ঘটনা ঘটেছে।’ বোয়ালিয়া মডেল থানার ওসি সায়েদুর রহমান ভুঁইয়া জানান, বোমা হামলায় জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান শুরু হয়েছে।