যদি স্পর্শ করো

যদি স্পর্শ করো রোদ হয়ে যাব, উত্তাপে ফোটাব ফাগুনের বেলা। অবহেলা ভুলে কাঁধে তুলে নেব হাজার পৃষ্ঠার লেখচিত্র। রাতের নক্ষত্র হয়ে জেগে থাকব সারাক্ষণ উঠানে ওড়াব গীতিকাব্য। যদি স্পর্শ করো স্পর্ধার শেকল ভেঙে অন্তঃপুরে উদিত সূর্যের বেশে হব পুবাকাশ। অপেক্ষার অভিলাষে পূর্ণ ঠোঁটে ছুটে যাব আলোকের বেগে বুকের নিঃশ্বাসে হব অবিরাম পাগল প্রেমিক। যদি স্পর্শ করো চিবুকের চারিধারে এঁকে দেব আদরের শত রঙ। ভাদ্রের বিষণ্ন রুদ্র রোদে সঁপে দেব শরতের বেলা, শরীরের প্রতি ভাঁজে, শতাব্দীর প্রতি লাজে এনে দেব বকুল বিকেল। যদি স্পর্শ করো নির্জন রাতের শুভ্র সন্ধিক্ষণে তোমার তারুণ্য ঋণ করে বাতাসে ওড়াব ঘুড়ি।