কান উত্সব নিয়ে মিথ্যাচার বন্ধ করতে হবে
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২১:১৩
চলছে ৬৭তম কান উত্সব। বিশ্বের অন্যতম চলচ্চিত্র উত্সবে শুধু চলচ্চিত্র প্রদর্শন নয়, নিজস্ব উদ্যোগে চলচ্চিত্রের প্রচার ও বিপণন থেকে শুরু করে অনেক কিছু্ই হয়ে থাকে এই উত্সবে। কান উত্সব থেকে শুধুমাত্র ইত্তেফাক বিনোদন প্রতিদিনের পাঠকদের জন্য নিয়মিত লিখছেন নির্মাতা স্বপন আহমেদ
কান উত্সবে এবারই আমার প্রথম আসা। নিজের চলচ্চিত্রের বিপণন করেই আগামী দিনে বিশ্ববাজারে নিয়ে যেতে হবে। নিজের কিছু ছবির ক্ষেত্রেও তাই আমার এবারের আমন্ত্রিত হয়ে নির্মাতা হিসেবে কান উত্সবে আসাটা অনেক কারণেই গুরুত্ব বহন করছে। তবে আজকের লেখায় শুধু এটুকু জানাতে চাই, গত কয়েক ুবছর ধরে কান উত্সব নিয়ে আমাদের যে ক্রমাগত মিথ্যাচার হয়েছে তা বন্ধ করতে হবে।
গতবার এক নির্মাতা ও তার ছবির কলাকুশলীরা বাংলাদেশি মিডিয়ায় প্রচার করেছিলেন তাদের চলচ্চিত্র নাকি কানের অলিম্পিয়া হলে প্রদর্শিত হয়েছে। অথচ এবারে এসে আমি গত দুইদিন ধরে ‘অলিম্পিয়া হল’ নামের কোনো অস্তিত্বই খুঁজে পেলাম না ! তবে কেন এই মিথ্যাচার? আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে।
প্রথম দিন এসে কানের রেড কার্পেটসহ বিভিন্ন প্রস্ততি দেখেই সময় চলে গেল। এখানে এসেছেন কয়েক হাজার সাংবাদিক। তারা যে যার মতো ব্যস্ত। ইতালি ও রাশিয়া থেকে আসা দুজন সাংবাদিক তরুণীর সাথে কথা হলো। তারা জানতে চাইলেন আমাদের সিনেমা প্রসঙ্গে। শুরুর দুটি প্রশ্নের পরই আমাদের সিনেমার ওয়েবসাইট লিংক জানতে চাইলেন। আমি তাদের লিংক দিলাম।’
প্রতিটি ছবির ওয়েবসাইট ডিজাইন নিয়েও তারা একটা ফিচার করছে। প্রশ্নটা তখনই মাথায় আসে—আমাদের দেশে শতকরা ৯৮ ভাগ ছবিরই নিজস্ব কোনো ওয়েবসাইট নেই! বিশ্ববাসী তো অনেক দূরের, আমরা নিজের দেশের আধুনিক তরুণের কাছেও বা কতটুকু তথ্য পৌঁছানোর ব্যবস্থা করি?
এবারের কান উত্সবের অন্যতম বিষয় হলো বিশ্ববাজারে ছবি বেচাকেনার ক্ষেত্রে বলিউড আরও বেশি আগ্রহী হয়েছে। বলিউডের প্রযোজক অভিনেতা উদয় চোপড়ার সাথে কথা হলো। তার কথায়, এবারে তারা জয়েন্ট মুভি করার প্ল্যান করছে। তবে সেটার প্রথম পক্ষ থাকবে বলিউড। এভাবেই বলিউড ক্রমেই যেন বিশ্ব সিনেমার নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে!
আর আমরা সেই দুঃস্বপ্নের পথের কথা অন্তত নাইবা ভাবলাম। অন্তত একটি বিশ্বমানের উত্সব নিয়ে দেশীয় মিডিয়াকে বিভ্রান্ত না করি।
(আগামীকাল থাকবে :তারেক মাসুদ ও কান উত্সবে অংশগ্রহণ প্রসঙ্গ)