ভিয়েতনামে চীনবিরোধী দাঙ্গায় নিহত ২১
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২১:২৭
ভিয়েতনামের সবচেয়ে বড় এবং তাইওয়ানিজ একটি স্টীল কারখানায় দাঙ্গায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে প্রায় একশ’জন। বিরোধপূর্ণ জলসীমায় বেইজিংয়ের তেল অনুসন্ধানকে কেন্দ্র করে বৃহস্পতিবার এ দাঙ্গার সৃষ্টি হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার।
হাতিন প্রদেশের একটি হাসপাতালের চিকিত্সক জানিয়েছেন, এ দাঙ্গায় ভিয়েতনামের পাঁচ নাগরিক এবং চীনের আরো ১৬ জন মারা গেছে। তাইওয়ানের এক কূটনীতিক এএফপিকে বলেন, দাঙ্গায় প্রায় একশ’জন আহত হয়েছে। তাদের বেশিরভাগই চীনা নাগরিক। দেশটির দক্ষিণাঞ্চলে বিভিন্ন কারখানায় অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ঘটনার একদিন পর এ দাঙ্গার ঘটনা ঘটলো। এদিকে দেশটির এ অস্থিতিশীল পরিস্থিতিতে শত শত চীনা নাগরিক ভিয়েতনাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। বিতর্কিত দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের তেল অনুসন্ধানকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে দেশটির দক্ষিণাঞ্চলের শিল্প এলাকায় চীনবিরোধী বিক্ষোভ শুরু হয়। ওদিকে এ ঘটনায় কারখানাটির পক্ষ থেকে এখনো কোন মন্তব্য করা হয়নি। পুলিশের বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ পর্যন্ত বিন ডং প্রদেশেই হামলায় ৪৬০টি কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া বিক্ষোভকারীদের আঘাতে ৪০ জনেরও বেশি পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া লুণ্ঠন, অগ্নিসংযোগ ও মানুষকে উস্কানি দেয়ার অভিযোগে প্রায় ৬০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওদিকে সংঘাত বন্ধে দুই পক্ষকেই আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, কোন ভয়ভীতি দেখিয়ে নয় বরং সংলাপের মধ্যদিয়ে এ সমস্যার সমাধান করতে হবে।