সংবাদ কণিকা
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২১:২৮
১১ তলা থেকে পড়েও বেঁচে গেল শিশু
আমেরিকার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেয়াপোলিসের একটি ১১তলা ভবন থেকে নিচে পড়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছে এক সোমালি শিশু। রবিবার বারান্দার রেলিংয়ের ফাঁক দিয়ে নিচে পড়ে যায় শিশুটি। ভবন থেকে পড়ার ফলে মুসা দাইইব নামের ১৫ মাসের ওই শিশুটির দু’হাত ভেঙ্গে গেছে। ভেন্টিলেটরের সাহায্যে তার শ্বাসকার্য চালাতে হচ্ছে। চিকিত্সক, পরিবার এবং তার সমপ্রদায়ের লোকজন মুসাকে ‘অলৌকিক শিশু’ বলছেন। —এবিসি নিউজ
সব মোহ ছাপিয়েছে স্মার্টফোনের জনপ্রিয়তা
কিশোর-কিশোরীদের মাঝে স্মার্টফোনের জনপ্রিয়তা যৌনতাসহ অন্যসব দৈনন্দিন প্রয়োজনকেও ছাপিয়ে গেছে বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সামপ্রতিক এক গবেষণায়। স্মার্টফোনের ঝকঝকে স্ক্রিনে চোখ বুলানোর বিনিময়ে জীবনের অন্যসব প্রয়োজন ত্যাগ করতে রাজি তারা। এমনকি বন্ধু বা বান্ধবীর সংসর্গও বিসর্জন দিতে তারা প্রস্তুত। গবেষকরা লস এ্যাঞ্জেলেস পাবলিক স্কুলগুলোর ১২ থেকে ১৮ বছর বয়সী ১৮শ’রও বেশি হাইস্কুল শিক্ষার্থীর ওপর গবেষণা চালিয়ে এ তথ্য দিয়েছেন। — বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
যুক্তরাষ্ট্রেও ছড়াচ্ছে মার্স
সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্রে ছড়াচ্ছে মার্স (মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম) করোনাভাইরাস সংক্রমণ। ফ্লোরিডার অরল্যান্ডোয় সমপ্রতি দ্বিতীয়বারের মতো আরো এক ব্যক্তির দেহে প্রাণঘাতী এ ভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা নিশ্চিত করে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। তবে রোগীর অবস্থা ভাল বলে জানান তারা। ৪৪ বছর বয়স্ক এ রোগী কাজ করেন সৌদি আরবে। স্বজনদের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যান তিনি। এরপর ভাইরাস সংক্রমণ নিয়ে ৯ মে ভর্তি হন অরল্যান্ডোর ডক্টর. পি. ফিলিপস হাসপাতালে। — রয়টার্স