বিভিন্ন স্থানে দোকান ও বসতঘর ভস্মীভূত

জামালপুরের ইসলামপুরে ৩০টি দোকান ও কুড়িগ্রামে পিটিআই সংলগ্ন বস্তিতে আগুনে পুড়ে ৫টি ঘর এবং সিরাজদিখানে বসতঘর ভস্মীভূত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক জেলা প্রতিনিধি ও সংবাদদাতারা। ইসলামপুরে ৩০টি দোকান ভস্মীভূত জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বাজারে গত বুধবার রাত সাড়ে আটটায় অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারের সামাজলের পেট্রোলের দোকানে মোটর সাইকেলে পেট্রোল বিক্রির সময় মোমবাতি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে হিটলার, মশিউর রহমান, তারেক রহমান, আ. সামাদ, আ. খালেক, দয়াল, সিরাজুল ইসলামসহ অর্ধশতাধিক ব্যবসায়ীর দোকান ভস্মীভূত হয়। এ সময় বাজারের বিভিন্ন ব্যবসায়ীর নগদ টাকাসহ অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। কুড়িগ্রামে বস্তিতে আগুন কুড়িগ্রাম প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট সংলগ্ন বস্তিতে গত বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ৩টি পরিবারের ৫টি ঘর পুড়ে গেছে। এতে আসবাবপত্রসহ মালামাল পুড়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। কুড়িগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। সিরাজদিখানে বসতঘরে অগ্নিকাণ্ড মুন্সীগঞ্জের সিরাজদিখানে গতকাল বৃহস্পতিবার সকালে একটি বসতঘর ভস্মীভূত হয়েছে। উপজেলার গনেশর্মপুর গ্রামের প্রবাসী মমিনুল ইসলাম সাগরের তালাবদ্ধ ঘরে আগুন লাগে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।