বিভিন্ন স্থানে চারজন খুন

বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় চারজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। বেলকুচিতে গৃহবধূ খুন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মামুদপুর গ্রামের পারিবারিক কলহের জের ধরে গত বুধবার রাতে বিলকিস খাতুন (২৭) নামে এক গৃহবধূকে হত্যা করেছে স্বামী বিল্লাল হোসেন। এ ঘটনায় পুলিশ নিহতের শ্বশুর জয়নাল আবেদীনকে আটক করেছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক। রায়পুরে নাতির লাঠির আঘাতে দাদী নিহত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসেরহাট এলাকায় গত বুধবার সন্ধ্যায় নাতির লাঠির আঘাতে ছালেমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। মামলার বাদী ইউসুফ রাড়ী জানান, সন্ধ্যায় বাড়িতে সয়াবিন ভাজাকে কেন্দ্র করে তার সত্ ভাইয়ের ছেলে কলেজ ছাত্র পারভেজ লাঠি দিয়ে দাদী ছলেমা খাতুনের মাথায় আঘাত করে। তিনি অচেতন হয়ে পড়েন। লক্ষ্মীপুর সদর হাসপাতাল নেয়া হলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। ঘটনার পর পারভেজ বাড়ি থেকে পালিয়ে যায়। চৌদ্দগ্রামে একজনকে পিটিয়ে হত্যা কুমিল্লার চৌদ্দগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে গত বুধবার রাতে পিটিয়ে আব্দুল হালিম (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৈয়ারধারী গ্রামের আমির হোসেনের জমিতে বুধবার বিকাল সাড়ে চারটায় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় একই গ্রামের আবদুল হালিমের ছেলে দ্বীন ইসলাম (১৯) ও নূর ইসলামের ছেলে পারভেজের (২০) মধ্যে ঝগড়া হয়। খবর পেয়ে আবদুল হালিম ছেলে দ্বীন ইসলামকে নিয়ে স্থানীয় সালিশদারদের নিকট পারভেজের বিরুদ্ধে বিচার দাবি করে। এতে ক্ষিপ্ত হয়ে পারভেজ ও তার লোকজন আবদুল হালিমকে পিটিয়ে মারাত্মক আহত করে। আবদুল হালিমকে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুমিল্লায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। গাইবান্ধায় জামায়াত কর্মী খুন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর-পার্বতীপুর কাঁচা সড়কের চৌধুরীর কাছনা এলাকায় গতকাল বৃহস্পতিবার রোস্তম আলী (৩৫) নামে এক জামায়াত কর্মীকে খুন করেছে দুর্বৃত্তরা। পলাশবাড়ী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও পলাশবাড়ী সদর ইউনিয়ন জামায়াতের আমীর আবু তালেব মাস্টার রোস্তমকে তাদের কর্মী বলে দাবি করেন।