গৌরনদীতে গৃহবধূর গায়ে এসিড নিক্ষেপ :গ্রেফতার ১

বরিশালের গৌরনদী উপজেলার কলাবাড়িয়া গ্রামে বহস্পতিবার ভোর রাতে রিনা বেগম নামে ঘুমন্ত এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এসিড নিক্ষেপের ফলে রিনা বেগমের (৩৮) মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গ্রামের আউয়াল খলিফার কন্যা রিনা বেগমকে ১৬ বছর পূর্বে বানারীপাড়া উপজেলার গুচ্ছগ্রাম এলাকার ছাদেক হাওলাদারের পুত্র শামছুল হক হাওলাদারের কাছে বিবাহ দেয়। ওই সংসারে দুইটি সন্তান রয়েছে। আট বছর পূর্বে রিনা স্বামীকে তালাক দিয়ে কলাবাড়িয়া গ্রামের অহেদুজ্জামানকে বিবাহ করেন। আহত রিনার পিতা আউয়াল খলিফা জানান, বুধবার রিনা তার মেয়ের জামাতা পার্শ্ববর্তী জামাল খলিফার বাড়িতে বেড়াতে যায়। রাতের খাবার খেয়ে রিনা ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার রাত তিনটার দিকে রিনার তালাকপ্রাপ্ত স্বামী শামছুল হক হাওলাদার ও তার সহযোগী কালু ভুঁইয়াসহ ৩/৪ জন ঘরের হোগলাপাতার বেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে রিনার গায়ে এসিড নিক্ষেপ করে। রিনার আর্তচিত্কারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সকাল ৭টার দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, এ ঘটনায় আহত রিনার পিতা আউয়াল খলিফা বাদি হয়ে রিনার তালাকপ্রাপ্ত স্বামী শামছুল হক হাওলাদার ও তার সহযোগী কালু ভুঁইয়ার নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো তিনজনকে আসামি করে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি কালু ভুঁইয়াকে গ্রেফতার করেছে।