হিলি দিয়ে আমদানি রপ্তানি দ্বিতীয় দিনের মত বন্ধ

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের অধিনায়কের অপসারণ, আমদানিকৃত পণ্য চালানের মেনিফেস্টোর কপির পিছনের পাতায় সিল ও স্বাক্ষর করা বন্ধ এবং ব্যবসায়ীদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং হয়রানিমূলক মামলা বন্ধ করা এই তিনদফা দাবিতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ-ভারতের মধ্যে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচিসহ বিক্ষোভ-সমাবেশ করেছে হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এসোসিয়েশন ও আমদানি-রপ্তানিকারকসহ ৫টি সংগঠন। হিলি স্থলবন্দর সিএন্ডএফ এসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক, ট্রাক মালিক গ্রুপ, ড্রাইভার ইউনিয়ন ও কুলি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে হিলি কাস্টমস অফিসের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন পালন করে। হিলি স্থলবন্দরের আন্দোলনকারী ব্যবসায়ীদের অভিযোগ অস্বীকার করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার বলেন, কাস্টমস আইন মেনেই বিজিবি তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে।