জিয়ানগরে আওয়ামী লীগ নেতার দাফন
জিয়ানগর (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২২:১২
জিয়ানগরে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নেতা জাকির হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাতে উপজেলার মধ্য কলারন গ্রামের হাজী বাড়ির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জাকির হোসেনের শ্বশুর ইমদাদ হোসেন বিশ্বাসের ডুমুরিয়া থানার নর্নিয়া গ্রামের বাড়িতে মঙ্গলবার রাতে তার রহস্যজনক মৃত্যু হয়। বুধবার খুলনায় পোষ্টমর্টেম শেষে তার লাশ রাতে জিয়ানগরে পৌঁছলে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। জাকির হোসেনের মৃত্যু যেন কোনভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী। জাকির হোসেনের নিকট আত্মীয়-স্বজনদের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এদিকে জাকির হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টি জেপি’র চেয়ারম্যান পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।