পূর্বধলায় ভুয়া দলিলে নায়িকা জয়া বচ্চনের জমি বিক্রির চেষ্টা ব্যর্থ

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার পূূর্বধলা ইউনিয়নের বাঘবের গ্রামের প্রায় ৭০ থেকে ৮০ কোটি টাকার (বর্তমান বাজার মূল্যে) ৪৩ একর জমি ঢাকার একটি চক্র কর্তৃক ভুয়া দলিলের মাধ্যমে পূর্বধলা সাব-রেজিস্ট্রি অফিসে ঢাকার অপর একটি পার্টির নিকট বিক্রয় বা হস্তান্তর হতে পারেনি পূর্বধলার সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীকের হস্তক্ষেপে। গত বুধবার এই জমি বিক্রয়ের কথা ছিল। এই জমির মূল মালিক হচ্ছেন ভারতীয় চিত্রনায়ক অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চনের পিতা তরুণ ভাদুরী পরিবার। জয়া ভাদুরীর (পরে জয়া বচ্চন) পিতা পাকিস্তান সৃষ্টির প্রাক্কালে ভারত চলে যান। এই জমি পরে স্থানীয় লোকজন বছরের পর বছর ধরে ভোগ করে আসছিলেন। জমি বিক্রয়ের খবর দুপুরে জানতে পেরে সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমি রেজিস্ট্রি করতে নিষেধ করলে জমি রেজিস্ট্রি হয়নি। পূর্বধলা উপজেলা সাব-রেজিস্ট্রার কাউসার আলম চৌধুরীর সাথে এই প্রতিনিধি কথা বললে তিনি জানান, তিনি সঠিক কাগজপত্র পেলেই কেবল জমি রেজিস্ট্রি করবেন। এ ব্যাপারে বক্তব্য জানার জন্য বিক্রেতা আশীক মোস্তাকসহ তিনজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।