১৬ কোটি মানুষের দেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবেই :রওশন এরশাদ
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২২:৪৮
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, ১৬ কোটি মানুষের দেশে কিছু কিছু বিচ্ছিন্ন, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবেই। তাই বলে সবাইকে দোষ দেয়া যাবে না। সাত খুনের ঘটনায় দোষীদের গ্রেফতারের ব্যাপারে সরকার তো চেষ্টা করছে। এ বিষয়ে সবারই সিনসিয়ারিটি আছে। ফল পেতে আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে।
গতকাল বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারপারসন ইয়ান জুনকির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা একথা বলেন।
হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও র্যাব-১১ এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদসহ তিন কর্মকর্তাকে গ্রেফতার না করায় বিএনপিসহ বিভিন্ন মহলের সমালোচনার বিষয়ে রওশন বলেন, প্রতিটি বিষয়েরই প্রসিডিওর আছে। ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও বলেছেন, তিনি তদন্তে সহযোগিতা করবেন। র্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে তিনি বলেন, এটা কোনো সমাধান নয়।
এদিকে, বিরোধী দলীয় নেতার সংসদ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গার্মেন্টস শিল্পকে উন্নত ও সম্প্রসারণ করতে নারীদেরকে উচ্চশিক্ষায় আরো বৃত্তি প্রদানে চীন সরকারের প্রতি আহ্বান জানান রওশন এরশাদ।
চীনের ভাইস চেয়ারপারসন মিস ইয়ান জুনকি বাংলাদেশ, মায়ানমার, ভারত ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ করার লক্ষ্যে করিডর স্থাপনে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে বিরোধী দলীয় নেতা তার পূর্ণ সমর্থন জানান। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন, জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য ফখরুল ইমাম ও বিরোধী দলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ এসময় উপস্থিত ছিলেন।