আইন ও সালিশ কেন্দ্রের নূর খানকে অপহরণের চেষ্টা
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২৩:২৩
রাজধানীর লালমাটিয়ায় আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিচালক নূর খান লিটনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। কারা, কেন তাকে অপহরণের চেষ্টা চালায়, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
ভুক্তভোগী নূর খান লিটন জানান, বিকেল ৫টার দিকে তিনি ও তার এক সহকর্মী লালমাটিয়ার বি-ব্লকে অবস্থিত আইন ও সালিশ কেন্দে র কার্যালয় থেকে বের হন। এরপর বাসায় ফেরার উদ্দেশ্যে তারা একটি রিকশায় ওঠেন। তখন কাছেই সড়কের একপাশে একটি সাদা রঙের মাইক্রোবাস দাঁড়িয়েছিল। তাদের বহনকারী রিকশাটি আনুমানিক ৩০ থেকে ৪০ গজ আরেকটি সড়কে ওঠার পর হঠাত্ মাইক্রোবাসটি এসে পথরোধ করে। এতে আতঙ্কিত হয়ে লিটন দ্রুত রিকশা থেকে নেমে আসক কার্যালয়ে ঢুকে যান। তখন মাইক্রোবাসটি চলে যায়। লালমাটিয়ার বি-ব্লকের সাত নম্বর সড়কে এ ঘটনা ঘটে।
লিটন জানান, মাইক্রোবাসটি রাস্তায় ব্যারিকেড দেয়ার সঙ্গে সঙ্গে তিনি নেমে দৌড় দেয়ায় ঐ গাড়ির আরোহীরা আর নামেননি। এ কারণে তাদের চেহারাও ভালোভাবে দেখার সুযোগ পাননি।
আসক-এর তথ্য কর্মকর্তা আবু আহমেদ ফয়জুল কবির বলেন, অপহরণের উদ্দেশ্যেই মাইক্রোবাস দিয়ে তার (লিটন) পথরোধ করা হয় বলে আমাদের ধারণা। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা নিশ্চিত নই। এ বিষয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম বলেন, ঐ ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রকৃতপক্ষে কী ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, আসকের পরিচালক নূর খান লিটনকে অপহরণের চেষ্টার একটি অভিযোগ তিনি পেয়েছেন। ঘটনার পরপর পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাকে কারা এবং কি কারণে অপহরণের চেষ্টা করেছে-তা তদন্ত করা হচ্ছে।