এসএসসির ফল প্রকাশ আগামীকাল

দেশের দশটি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওইদিন সকাল ১০টায় গণভবনে শিক্ষাবোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসএসসি পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। পরে সচিবালয়ে দুপুরে শিক্ষামন্ত্রী ফলাফলের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করবেন। প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি থেকে ২২ মার্চ এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়। এবার দেশের মোট দশটি শিক্ষা বোর্ডে ২ হাজার ৯৪২টি পরীক্ষা কেন্দে ২৭ হাজার ৪৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৩২ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। আটটি সাধারণ বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ৯০ হাজার ৫৫৫জন। এদের মধ্যে ছাত্র ৫ লাখ ৩৬ হাজার ২১৭ জন এবং ছাত্রী ৫ লাখ ৫৪ হাজার ৩৩৮ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ২ লাখ ৩৯ হাজার ৭৪৯ জন পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ছাত্র ১ লাখ ২১ হাজার ৬০১ জন এবং ছাত্রী ১ লাখ ১৮ হাজার ১৪৮ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ২ হাজার ৪২৩ জন অংশ নেয়। এদের মধ্যে ছাত্র ৭৫ হাজার ৩৮৪ এবং ছাত্রী ২৭ হাজার ৩৯ জন। দেশের বাইরে সাতটি কেন্দে অংশ নিয়েছে মোট ২৯৬ জন পরীক্ষার্থী। এদের মধ্যে ১৩৬ জন ছাত্র এবং ১৬০ জন ছাত্রী।