প্রধানমন্ত্রী জাপান যাবেন ২৫ মে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে আগামী ২৫ মে জাপান যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে এই সফর বলে কূটনৈতিক সূত্র জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাপান সফরকালে সেদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠক করবেন শেখ হাসিনা। এছাড়া জাপানের সম্রাট আকিহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করবেন। টোকিওতে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, শিল্পপতি ও বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর আহবান জানাবেন তিনি। তিনি জাপানের বিখ্যাত ওয়াসেঙ্গা বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক ও গবেষকদের উদ্দেশ্যেও ভাষণ দেবেন। সর্বশেষ ২০১০ সালের নভেম্বরে জাপানে দ্বিপাক্ষিক সফর করেন প্রধানমন্ত্রী। এবারের সফরে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে জাপানের সহায়তা চাইবেন তিনি। এছাড়া যমুনা নদীর উপর রেল সেতু নির্মাণের ব্যাপারেও আলোচনা হবে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে। জাপানের পররাষ্ট্র মন্ত্রী ফুমিও কিশিদা মার্চ মাসে ঢাকা সফরে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করেন এবং জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।