তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ারের বাধ্যবাধকতা
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২৩:২৪
শেয়ার বাজারের তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শতকরা দুই ভাগ শেয়ার রাখা বাধ্যতামূলক করে দেয়া বিধান অবৈধ ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় ২২ মে পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও এনসিসি ব্যাংকের চেয়ারম্যানের করা স্থগিত আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার এই আদেশ দেন। বুধবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ দুই ভাগ শেয়ার রাখা বাধ্যতামূলক বিষয়ে জারি করা প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে রায় দেয়। এই রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন তারা। গতকাল বিএসইসির পক্ষে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, এনসিসি ব্যাংকের চেয়ারম্যানের পক্ষে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং রিটকারীর পক্ষে এজে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী উপস্থিত ছিলেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান (বিএসইসি) ২০১১ সালের ২২ নভেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেন। এতে বলা হয়, কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ন্যূনতম ৩০ শতাংশ এবং প্রত্যেক পরিচালকের ন্যূনতম ২ শতাংশ শেয়ার থাকতে হবে। ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্শিয়াল (এনসিসি) ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোস্তাফিজুর রহমান।