এনসিটির ইকুইপমেন্ট কে কিনবে?
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২৩:২৯
চট্টগ্রাম বন্দরের গ্যান্ট্রি ক্রেনসহ ইকুইপমেন্ট ক্রয় নিয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। চট্টগ্রাম বন্দরের বহু কাঙ্ক্ষিত নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে ইকুইপমেন্ট কেনার পক্ষে। অপরদিকে সংসদীয় কমিটির মতে, বন্দরের অর্থ ব্যয় না করে পরিচালনার জন্য যে বেসরকারি অপারেটর নিয়োগ করা হবে তারাই ইকুইপমেন্ট সরবরাহ করবে। কিন্তু গতকাল বুধবার বন্দরের বোর্ড সভায় এনসিটির জন্য ৬টি গ্যান্ট্রি ক্রেন ক্রয় করার টেন্ডার আহবানের সিদ্ধান্ত হয়। এ ৬টি গ্যান্ট্রি ক্রেনের মূল্য প্রায় সাড়ে ৪ শত কোটি টাকা পড়বে বলে জানা যায়।
বন্দরের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এনসিটি পরিচালনার জন্য ফর্ক লিফটসহ অন্যান্য ইকুইপমেন্টের জন্য পর্যায়ক্রমে টেন্ডার আহবান করা হবে। জানা যায়, এনসিটির কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ১২শত কোটি টাকার ইকুইপমেন্ট ক্রয় করা হবে। চট্টগ্রাম বন্দরের প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) প্রকৌশলী খায়রুল মোস্তফা গ্যান্ট্রি ক্রেন ক্রয়ের টেন্ডার আহবানের কথা স্বীকার করেন। বন্দরের সিদ্ধান্ত অনুযায়ী ইকুইপমেন্ট ক্রয়ের পর এর পরিচালনার জন্য প্রাইভেট অপারেটর নিয়োগ করা হবে। তারা বন্দর থেকে প্রত্যেক কন্টেইনারের বিপরীতে চার্জের ভিত্তিতে বন্দরের ইকুইপমেন্ট দিয়ে হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করবেন। অপরদিকে সংসদীয় কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফের মতে, নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির প্রথম বৈঠকে ইকুইপমেন্ট না কেনার পক্ষে আলোচনা হয়। তাদের যুক্তি হচ্ছে যেহেতু প্রাইভেট অপারেটর নিয়োগ হবে সেক্ষেত্রে বন্দরের বিশাল অংকের টাকা ব্যয় করার কোন যৌক্তিকতা নেই। অপারেটর প্রতিষ্ঠানই নিজের অর্থ ব্যয় করে ইকুইপমেন্ট সংগ্রহ করবে। এতে বন্দরের বিশাল অংকের অর্থ সাশ্রয় হবে।
সংশ্লিষ্টদের মতে, ইতিমধ্যে বন্দরের বেশ কিছু ইকুইপমেন্টসহ যন্ত্রপাতি কেনা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। একটি সংসদীয় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, মন্ত্রণালয়ের অন্য একটি সংস্থা যে ইকুইপমেন্ট প্রায় ৫ কোটি টাকায় ক্রয় করেছে। বন্দর কর্তৃপক্ষ প্রায় একই ধরনের ইকুইপমেন্ট কেনার জন্য প্রায় ২০ কোটি টাকার ক্রয় আদেশ দেয়া হয়েছে। তাছাড়া খুচরা যন্ত্রাংশ ক্রয় নিয়েও অভিযোগ রয়েছে।