সাতদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সচল
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২৩:২৯
ছাত্রলীগের একাংশের সাত দফা দাবিতে টানা সাত দিনের অবরোধের পর নতুন করে জেগে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গতকাল বৃহস্পতিবার নগরী থেকে শাটল ট্রেন ও শিক্ষক বাসগুলো চলাচল করেছে। ফলে মৃতপ্রায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়। অনেকদিন পর ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ফিরে পাওয়ায় সাধারণ শিক্ষার্থীরাও খুশি। অনুষ্ঠিত হয় বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা।
জানা যায়, কেন্দ্রর সাবেক সাধারণ সম্পাদক নাছির হায়দার বাবুলকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও ইন্ধনদাতাদের বিচারসহ সাত দফা দাবিতে গত বুধবার থেকে অবরোধের ডাক দেয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুনের নেতৃত্বাধীন একাংশ।
অবরোধের প্রথম দিন রেলের লোকো মাস্টার ইউসুুফ উদ্দিন চৌধুরীকে অপহরণ করে নিয়ে যায় ছাত্রলীগ। পরবর্তীতে চার ঘন্টা পর মুরাদপুর এলাকা থেকে রেলওয়ে পুলিশ উদ্ধার করে তাকে। অবরোধের দ্বিতীয় দিন সহকারী লোকো মাস্টার আনোয়ার হোসেন ও দুই কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার কারণে রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারী সমিতি শাটল ট্রেন চলাচল বন্ধ রাখে।
একাইভাবে শিক্ষক বাসগুলো চলাচলে বাধা দেয় অবরোধকারীরা। বাস চালক সমিতি নিরাপত্তার কথা চিন্তা করে বাস চলাচল বন্ধ রাখে।
গত মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফের বাসায় অবরোধকারীদের সাথে আলোচনার প্রেক্ষিতে অবরোধকারীরা দু’সপ্তাহের জন্য অবরোধ স্থগিত করে।