ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে আমরা বন্ধুত্ব চাই সমমর্যাদার। চাই সুসম্পর্ক। বর্তমান সরকার বলেছিল তিস্তা চুক্তি হবেই। কিন্তু আজ পর্যন্ত তিস্তা চুক্তি হয়নি। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে উজানের দেশ ভারত অভিন্ন ৫৪টি নদীর ৫৩টি নদীতে বাঁধ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত ‘মওলানা ভাসানী ও ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ, সাংবাদিক এরশাদ মজুমদার প্রমুখ। মির্জা ফখরুল বলেন, আমরা র্যাব করেছিলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করার জন্য। একারণে তখন র্যাব জনপ্রিয়তা পেয়েছিল। কিন্তু এই সরকার রাজনৈতিক উদ্দেশ্যে র্যাবকে ব্যবহার করছে। ফলে তারা নিয়ন্ত্রণহীন হয়ে ভাড়াটে কিলারে পরিণত হয়েছে। এখন আর চুপ করে থাকার সময় নেই। এই র্যাব বিলুপ্ত করতে হবে।