ঐক্য ফিরে না আসা পর্যন্ত গণজাগরণ মঞ্চের নাম ব্যবহার করবেন না
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২৩:৩২
গণজাগরণ মঞ্চের সকল সংগঠনের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মঞ্চের নাম ব্যবহার করে কর্মসূচি পালন না করার আহবান জানিয়েছে মঞ্চ সংশ্লিষ্ট ৩৩ সংগঠন। গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের মূল ফটকে এক সাংবাদিক সম্মেলনে এ আহবান জানানো হয়। এ সময় ৩৩ সংগঠনের মধ্যে বেশ কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে জাসদ ছাত্রলীগের সভাপতি শামছুল ইসলাম সুমন বলেন, গত কিছুদিন যাবত গণজাগরণ মঞ্চ দুইভাগে বিভক্ত হয়ে গেছে। উভয় পক্ষের নেতাকর্মীরা একে অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করছেন। এমনকি তাদের এ কাদা ছোঁড়াছুঁড়ি মামলা-হামলা পর্যন্ত গড়িয়েছে। এতে সুবিধা নিচ্ছে যুদ্ধাপরাধী জামায়াত-শিবির। তাই ঐক্য ফিরে না আসা পর্যন্ত মঞ্চের নাম ব্যবহার করে কোন কর্মসূচি পালন না করার জন্য আমরা সকল পক্ষকে আহবান জানাচ্ছি।
তিনি বলেন, ছয়দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাবে গণজাগরণ মঞ্চ। কারো ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করা এ মঞ্চের লক্ষ্য নয়। তবে সংগঠক-কর্মীদের মধ্যে বিভক্তি দাবি বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ বিভেদ দূর করে ঐক্য প্রতিষ্ঠার প্রক্রিয়া চলছে।
ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু বলেন, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে আটক দেলাওয়ার হোসাইন সাঈদীসহ বেশ কয়েকজন যুদ্ধাপরাধীর রায় অপেক্ষমাণ। এ অবস্থায় গণজাগরণ মঞ্চের দুই পক্ষের কাদা ছোঁড়াছুঁড়ি ও নোংরামি বন্ধ করতে হবে। নইলে এই বিভক্তিতে যুদ্ধাপরাধীদের দোসররা সুবিধা নেবে। তিনি বলেন, আন্দোলন শুরু থেকে আমরা (৩৩ সংগঠনের নেতাকর্মীরা) গণজাগরণ মঞ্চের সঙ্গে জড়িত। আমরা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, দুই পক্ষের এই মতবিরোধ ভুলে সবাই ছয়দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হব।
৩৩ সংগঠনের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভিত্তিক ১১টি সংগঠন এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা-সন্তানদের ১১টি সংগঠন, পাঁচটি ছাত্র সংগঠন এবং বিভিন্ন সাংস্কৃতিক ও অনলাইন এক্টিভিস্ট সংগঠন।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক তানভীর রুসমত, ছাত্র ঐক্য ফোরামের আহ্বায়ক সোহান সোবহান, ছাত্র সমিতির আহ্বায়ক জাহিদুর রহমার খান,ছাত্র আন্দোলনের সভাপতি মঞ্জুুর রহমান মিঠু, ব্লগার এন্ড অনলাইন এক্টিভিটিস নেটওর্য়াকে প্রতিনিধি সাগর লোহানী ও অনিমেষ রহমান, যুদ্ধাপরাধ বিচার মঞ্চের সভাপতি খালেদুর রহমান।