৯ বছরেও হলো না কাজীরবাজার সেতু

সিলেট নগরীর ক্বীন ব্রীজের অদূরে বহুল আলোচিত কাজীর বাজার সেতু নির্মাণ প্রকল্পটি দীর্ঘ ৯ বছরেও শেষ হয়নি। বিশাল আয়োজনে সেতুটির কাজ শুরু হলেও শেষ পর্যন্ত এর ধারাবাহিকতা রক্ষা হয়নি। শুরুর পর কয়েক বছর অর্থ বরাদ্দ না হওয়াসহ নানা জটিলতায় সেতুটির নির্মাণ কাজ থমকে থাকে। ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি এ প্রকল্পের কাজ শুরু হয় এবং ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি প্রকল্পটি বাস্তবায়নের কথা ছিল। শেষতক ২০১২ সালের ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরে এলে আলীয়া মাদ্রাসা ময়দানের জনসভায় দ্রুত সেতুটির কাজ শেষ করার নির্দেশ দেন। এর পর যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের কাজীর বাজার সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করে ৫ কোটি টাকা বরাদ্দ দিলে এ প্রকল্পের বন্ধ্যাত্বের সাময়িক অবসান ঘটে। কিন্তু অল্পদিনের মাথায় আবারো অর্থ সংকটে পড়ে প্রকল্পটি। সড়ক ও জনপথ বিভাগের সিলেটস্থ প্রধান প্রকৌশলী ইফতেখার আহমদ ইত্তেফাককে বলেন, “সেতুর দক্ষিণ তীরে চারটি মন্ত্রণালয়ের অধিনস্থ ৪ দশমিক ৮৬ হেক্টর জমি অধিগ্রহণ, সেখানকার মাছের আড়ত স্থানান্তর, ইত্যাদি কারণে সময় লেগেছে,’’ তিনি বলেন ‘‘ইতোমধ্যে সেতুর স্ট্রাকচার ও ঢালাইর কাজ শেষ হয়েছে। এপ্রোচের কাজ বাকী। আশা করি সেতুটি ডিসেম্বরেই চালু করা যাবে। নয় বছর আগে কাজীর বাজার এলাকায় চার লেন বিশিষ্ট ৩৬৬ মিটার দৈর্ঘ্য ও ১৯ মিটার প্রস্ত কাজীর বাজার পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পের কাজ হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। ঐ সময় সড়ক ও জনপথ বিভাগ টেন্ডার আহ্বান করলে সর্বনিম্ন ৩৬ কোটি টাকার দরপত্র পাওয়া যায়। কিন্তু প্রকল্প বাস্তবায়নে ধীর গতির কারণে বর্তমানে ব্রীজটির নির্মাণ ব্যয় অনেকগুণ বেড়ে গেছে। অবশ্য ব্রীজের দৈর্ঘ্য বেড়ে ৩৯১ মিটার ও প্রস্থ ১৮ দশমিক ৪ মিটারে উন্নীত হয়েছে। সংশোধিত আকারে বর্তমানে এর সর্বমোট ব্যয় দাঁড়িছে একশত ৮৯ কোটি টাকায়।