এনডিটিভির বুথ-ফেরত জরিপ
এনডিএ ২৭৯ আসন ইউপিএ পাবে ১০৩ আসন
প্রকাশ : ১৫ মে ২০১৪, ২৩:৩৪
ভারতের লোকসভার নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় গত ১২ মে। পরদিন ছয়টি সংস্থা বুথফেরত জরিপ প্রকাশ করে। এতে দেখা যায়, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। বুধবার আবার একই ধরনের জরিপ প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি। এই জরিপের তথ্যে দেখা যায়, ৫৪৩ আসনের লোকসভায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাবে ২৭৯ আসন এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পাবে ১০৩ আসন। অন্যান্য দল পাবে ১৬১টি আসন।
ভারতে সরকার এককভাবে সরকার গঠন করতে ২৭২ আসন পেতে হয়। জরিপ অনুযায়ী, উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে এনডিএ জয় পাবে ৫৬ আসনে। এছাড়া ইউপিএ ৪, সমাজবাদী পার্টি ১২ এবং বহুজন সমাজ পার্টি ৮ আসন পাবে। ঝাড়খন্ডের ১৪টি আসনের মধ্যে বিজেপি ১২, কংগ্রেস এক এবং অন্যান্য দল এক আসন পাবে। বিহারের ৪০ আসনে বিজেপি ২২, আরজেডি ১৪ এবং জেডিইউ ৪টি আসনে জয় লাভ করবে। এই রাজ্যে কংগ্রেস কোনো আসন পাবে না। হরিয়ানায় মোট আসন ১০টি। এখানে বিজেপি ৭, কংগ্রেস দুই এবং আইএনএলডিকে একটি আসন দেওয়া হয়েছে। এছাড়া পাঞ্জাবের ১৩টি আসনে কংগ্রেস সর্বোচ্চ ৩৫ শতাংশ ভোট পাবে বলে জরিপে দেখা গেছে।