৩ চলচ্চিত্রে পিয়া
প্রকাশ : ১৬ মে ২০১৪, ১৯:৩১
চলচ্চিত্র নিয়ে বেশ ব্যস্ত এখন পিয়া। বড়পর্দা ও উপস্থাপনা নিয়ে চলছে তার এখনকার ব্যস্ততা। সম্প্রতি তিনটি ছবিতে কাজ করলেন তিনি। ছবিগুলো আশিকুর রহমানের ‘গ্যাংস্টার রিটার্নস’, অমিত আলী মন্ডলের ‘প্রবাসির প্রেম’ এবং প্রথমবারের মতো বাংলাদেশে নির্মিত হয়েছে ফ্যান্টাসি সায়েন্স ফিকশন ছবি যেখানে পাঁচটি মূল চরিত্রের একজন পিয়া। ‘স্টোরি অব সামারা’ নামে এই ফ্যান্টাসি সায়েন্স ফিকশন ছবিটি পরিচালনা করেছেন ভিকিয়া মাসুদ। ছবিটি প্রসঙ্গে পিয়া বলেন, ‘আমি বরাবরই ভিন্ন কিছু কাজ করতে চাই, যা মানুষের মনে দাগ কাটবে। ‘স্টোরি অব সামারা’ এমনই একটি কাজ। আমাদের দেশে এর আগে এই গ্রাফিক্সের ছবি হয়নি। এটি মূলত পাঁচজন মেয়ের অন্য গ্রহে যাওয়া নিয়ে গল্প।’
এ ছাড়াও হাতে আরও তিনটি ছবির কাজ রয়েছে পিয়ার, ইতোমধ্যে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। শীঘ্রই ছবিগুলোর শুটিং শুরু হবে। বড়পর্দায় কাজের পাশাপাশি করছেন উপস্থাপনা। কিছুদিনের মধ্যেই দুটি চ্যানেলে উপস্থাপনার কাজ শুরু করবেন। করবেন এটিএন বাংলায় একটি সেলিব্রেটি শো এবং এসএ টিভিতে ‘হলিডে প্ল্যান’।