‘মোশাররফের জরুরি অবস্থা জারি ছিল অবৈধ’
প্রকাশ : ১৬ মে ২০১৪, ২১:৩৬
পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ ২০০৭ সালে যে জরুরি অবস্থা জারি করেছিলেন তাকে ‘অবৈধ’ বলে ঘোষণা করেছে দেশটির সরকার। বুধবার কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএর এক প্রতিবেদনে বলা হয়, তিনি যে জরুরি অবস্থা জারি করেছিলেন তা অবৈধ যার স্বপক্ষে তাদের কাছে অকাট্য প্রমাণ রয়েছে। এফআইএর প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা এটা বিশ্বাস করেন যে তাদের বক্তব্যের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে, যার দালিলিক প্রমাণ তারা দেখাতে পারবেন। ২৩৭ পৃষ্ঠার প্রতিবেদনে মোশাররফকে অভিযোগ করে বলা হয়, ‘হীন’ উদ্দেশ্য চরিতার্থ করতে তিনি তখন এ আদেশ দিয়েছিলেন। সাবেক অ্যাটর্নি জেনারেল মালিক মোহাম্মদ কাইয়ুম ও পাঞ্জাবের সাবেক গভর্নর খালিদ মকবুলকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা জারির আগে তিনি কারও সাথে কোন পরামর্শও করেননি। পাকিস্তানের আইন অনুযায়ী মোশাররফকে তত্কালীন প্রধানমন্ত্রী শওকত আজিজের সঙ্গে পরামর্শ করে নেয়ার কথা ছিল। কিন্তু মোশাররফ এ ধরনের কোন নিয়মের তোয়াক্কা করেননি। প্রতিবেদনে শওকত আজিজকে উদ্ধৃত করে বলা হয়, তার কাছে এ ধরনের কোন পরামর্শ নেয়া হয়নি।