কাজী জাফরের
শারীরিক অবস্থা
অপরিবর্তিত
প্রকাশ : ১৬ মে ২০১৪, ২২:১৩
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের শারীরিক আবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি এখন ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিত্সাধীন আছেন। তার আশু রোগমুক্তির জন্য দল ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর নিকট দোয়া চাওয়া হয়েছে। কাজী জাফরের শারীরিক অবস্থা অবনতির সংবাদ পেয়ে তাকে দেখতে হাসপাতালে আসেন বিকল্পধারা বাংলাদেশ এর প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন স্তরের লোকজন।
এদিকে ভারতে লোকসভা নির্বাচনে বিজেপির বিপুল বিজয়ে ভারতের জনগণ ও তাদের নেতা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন কাজী জাফর। অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের জনগণ গণতন্ত্রকে সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে তারা অনন্য দৃষ্টান্তের সৃষ্টি করেছে।- প্রেস-বিজ্ঞপ্তি