রায়গঞ্জের চক গোবিন্দপুর
প্রাথমিক বিদ্যালয়ে জাতীয়
সঙ্গীত গাওয়া হয় না
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৬ মে ২০১৪, ২২:১৪
রায়গঞ্জের ঘুড়কা ইউনিয়নের চক গোবিন্দপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান শুরুর আগে দৈনিক সমাবেশ হয় না। এ কারণে জাতীয় সংগীত ও শপথ অনুষ্ঠান ছাড়াই বিদ্যালয়টি অনিয়মতান্ত্রিকভাবে চলছে। এছাড়া ছাত্র-ছাত্রী হাজিরা ঠিকমত না নেয়া, অনিয়মিত পাঠদান ও শিক্ষকদের নোটিসবিহীনভাবে অনুপস্থিতিসহ প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ সাইফুল ইসলামের দায়িত্বে অবহেলার বিস্তর অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে প্রকাশ, প্রধান শিক্ষক বিভিন্ন উছিলায় কর্তৃপক্ষের নিকট ছুটি না নিয়েই নানা তদবির কাজে বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক জানান, বিদ্যালয়টি ছিল বেসরকারি রেজিঃ প্রাথমিক বিদ্যালয়। সরকারিকরণের পরও এখানে কোন নিয়ম-নীতির তোয়াক্কা করা হয় না। প্রধান শিক্ষক এলাকার একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি যেভাবে খুশি সেভাবেই স্কুল চালিয়ে থাকেন। সহকারী শিক্ষকগণ তার বিরুদ্ধে কিছু বলার সাহস পান না। অপরদিকে একই গ্রামের বাসিন্দা চারজন শিক্ষক। তারা প্রধান শিক্ষকের অনুপস্থিতির সুযোগে পালাক্রমে ২ জন করে বিদ্যালয়ে উপস্থিত থাকেন।
এতে শিশুদের শিক্ষা গ্রহণ চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আনীত অভিযোগ এড়িয়ে যেতে চেষ্টা করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শীতকালে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। তবে গ্রীষ্মকালে হয় না। উপজেলা শিক্ষা অফিসার মোঃ আপেল মাহমুদ এলাকাবাসীর অভিযোগের কথা স্বীকার করে বলেন, এব্যাপারে তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।