সৈয়দপুরে চোরাই পথে আসছে ভারতীয় আম

নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাট-বাজারে সয়লাব হয়ে গেছে ভারতীয় আমে। মধুমাস জ্যৈষ্ঠ আসতে আরও অনেকটা দিন বাকি থাকলেও মধুমাসের মিষ্টি ফল আম বাজারে এসেছে প্রচুর। তবে এগুলো সুস্বাদু দেশীয় আম নয়। রাসায়নিক দিয়ে পাকানো ভারতীয় আম। স্থানীয় জাতের আম এখনও বাজারে উঠতে প্রায় মাস খানেক সময় লাগতে পারে। কিন্তু ভারত থেকে চোরাপথে বানের পানির মত আসা বিসাক্ত রাসায়নিক দিয়ে পাকানো এসব ক্ষতিকারক আম দোকানগুলোতে শোভা পেলেও স্থানীয় প্রশাসনের নজরদারী না থাকায় ক্রেতারা টাকা দিয়ে বিষ সমতুল্য ঐসব আম খাচ্ছে। আর ঐসব আমও বিক্রি হচ্ছে চড়াদামে। প্রতিকেজি আম ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সৈয়দপুর কাঁচা ফলের আড়তে গিয়ে বিভিন্ন মহাজনের সাথে এবং সীমান্তে চোরাই কাজে নিয়োজিত কয়েকজন মহিলার সাথে কথা হলে তারা জানায়, সীমান্তরক্ষী বিজিবির অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে এসব আম নির্বিঘ্নে সীমান্তের ওপার থেকে এপার এনে বাজারজাত করা হচ্ছে।