সরাইলে পানিবন্দী তিনটি দরিদ্র পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের নিজসরাইল গ্রামের হতদরিদ্র তিনটি পরিবার এক মাস ধরে পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছে। গতকাল শুক্রবার সরেজমিনে গিয়ে জানা যায়, নিজসরাইল গ্রামের হতদরিদ্র আমীর আলী (৫৫),আব্দুর রাজ্জাক (৫০) ও হানিফ মিয়া (৪০) পাশাপাশি বসবাস করেন। তাদের বাড়ির উত্তর পাশে বাস করেন প্রভাবশালী সিদ্দিক মিয়া (৬০)। বছরের পর বছর ধরে দরিদ্র ওই তিন পরিবারের বাড়ির পানি সিদ্দিক মিয়ার বাড়ির পাশ দিয়ে নিষ্কাশিত হয়ে আসছিল। কিন্তু মাস খানেক আগে সিদ্দিক মিয়া তার বাড়ির পার্শ্বে দেয়াল নির্মাণ করে পানি নিষ্কাশন বন্ধ করে দেয়। এতে ওই তিনটি বাড়িতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। আমীর আলী কান্না জড়িত কণ্ঠে বলেন এক মাস ধরে আমরা পানিবন্দী হয়ে আছি। আমার ঘরে হাঁটু পানি লেগে আছে। আব্দুর রাজ্জাক বলেন, দুর্গন্ধময় পরিবেশ।কোন মানুষ এমন পরিবেশে থাকতে পারে না। সিদ্দিক মিয়ার বড় ছেলে বকুল মিয়া বলেন কাগজপত্রে এ জায়গার মালিক আমরা, তাই এখানে দেয়াল দিয়েছি।