সাড়ে ১০ মাসে গফরগাঁওয়ে এডিপির বাস্তবায়ন শূন্য

অর্থবছরের প্রথম সাড়ে ১০ মাসে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ থেকে ১ টাকাও ব্যয় করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, চলতি অর্থবছরে কৃষি ও ক্ষুদ্র সেচ, বস্তুগত ও আর্থ-সামাজিক অবকাঠামো, ক্রীড়া ও সংস্কৃতি এবং তথ্য প্রযুক্তি উন্নয়নে উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি খাতে ৭৫ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ করা হয়। বরাদ্দকৃত টাকা থেকে উপজেলা পরিষদ গত ১৪ মে পর্যন্ত ১ টাকাও ব্যয় করতে পারেনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ বরাদ্দের প্রথম কিস্তি ১৮ লাখ ৯৬ হাজার টাকা গত বছরের ২১ জুলাই তারিখে ছাড় করে। নীতিমালা অনুযায়ী মঞ্জুরীকৃত অর্থের ব্যয় বিবরণী গত বছরের ১৫ সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর কথা। এ ব্যাপারে যশরা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ইউএনও ও উপজেলা প্রকৌশলীর দ্বন্দ্বের কারণে এডিপি বাস্তবায়ন কাজে মন্থরগতির সৃষ্টি হয়েছে। এতে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। উপজেলা প্রকৌশলী তফাজ্জল হোসেন বলেন, ৩০ জুনের মধ্যে সম্পূর্ণ টাকা নিয়মমাফিক ব্যয় করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন বিষয়ে মতপাথর্েক্যর অবসান হয়েছে।