না’গঞ্জের ঘটনার রহস্য উন্মোচনে বসে নেই সরকার
প্রকাশ : ১৬ মে ২০১৪, ২৩:৩২
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার রহস্য উন্মোচনে সরকার বসে নেই। একটু ধীরগতিতে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ন্যায়সঙ্গতভাবে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার হবেই। তদন্তে যাদের নাম আসবে তাদের শাস্তি দিতে সরকার কুণ্ঠাবোধ করবে না।
গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা যেদিন বাংলাদেশে প্রত্যাবর্তন করেছিলেন; সেদিন এ দেশের আকাশ-বাতাস তার জন্য কেঁদেছিল। সারা দেশের মানুষ সেদিন তার জন্য চোখের পানি ফেলেছিল।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জের ঘটনা নিয়ে কোনো জজ মিয়া নাটকের সৃষ্টি হবে না। এই ঘটনার সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না। টিআইবি, সুজন, হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠনের সমালোচনা করে তিনি বলেন, এই সংগঠনগুলো প্রধানমন্ত্রীর সংসদীয় গণতন্ত্রের ক্ষমতা কমানোর কথা বলছে। তারা বিএনপির সুরে সুর মিলিয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এটিএম শামসুজ্জামান, ড. ইনামুল হক, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ।