বরিশালের ৬ জেলায় রবিবার অর্ধদিবস জামায়াতের হরতাল

মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের মুক্তির দাবিতে আগামীকাল রবিবার বিভাগের ৬ জেলায় অর্ধদিবস হরতালের আহবান করা হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডের নিজ বাসার পাশের একটি বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় মুয়াযযম হোসাইন হেলালকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। গতকাল শুক্রবার বাকেরগঞ্জ উপজেলা থেকে গোপন বৈঠক করার সময় জামায়াতের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে লিফলেট, বই এবং কম্পিউটার উদ্ধার করা হয়। বাকেরগঞ্জ থানার ওসি মোঃ মাসুম তালুকদার জানান, পৌর এলাকার ১নং ওয়ার্ডের আবু হানিফের বাড়িতে জামায়াতের গোপন বৈঠক চলাকালীন পুলিশ হাফেজ মোঃ শহিদউল্লাহ, জাহাঙ্গীর হোসেন, মোজাম্মেল হকসহ জামায়াতের ৯ কর্মীকে গ্রেফতার করে।