বোকো হারামকে মোকাবেলা করতে ফ্রান্সের সম্মেলন
প্রকাশ : ১৭ মে ২০১৪, ২১:৪৯
নাইজেরিয়ায় দু’শ’র বেশি স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় নিরাপত্তা বিষয়ক সম্মেলন আহ্বান করছে ফ্রান্স। ইসলামিক জঙ্গি সংগঠন বোকো হারামের হুমকি মোকাবেলায় আয়োজিত ঐ সম্মেলনে যোগ দেবেন নাইজেরিয়া, বেনিন, ক্যামেরুন, নাইজার এবং চাদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়ান ইউনিয়নের প্রতিনিধিরাও অংশ নেবেন সম্মেলনে।
এ সপ্তাহেই প্যারিসে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুক্রবার ফ্রান্সের প্রেসিডেন্ট ওঁলাদ নাইজেরিয়ার অপহূত স্কুলছাত্রীদের বিষয়ে টেলিফোনে মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলেন। এক বিবৃতিতে বলা হয়, পশ্চিম এবং মধ্য আফ্রিকার জন্য হুমকি হিসাবে প্রতীয়মান বোকো হারামসহ অন্যান্য সন্ত্রাসী সংগঠন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নিতেই এ বৈঠক আহবান করা হয়েছে।
এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জনাথনের শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলের শহর চিবুক পরিদর্শন করার কথা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তিনি তা বাতিল করেন। এর আগে এক ভিডিও বার্তার মাধ্যমে বোকো হারাম বন্দি জঙ্গিদের বিনিময়ে অপহূত স্কুলছাত্রীদের ফিরিয়ে দেয়ার ঘোষণা দেয়ার পর তাদের সাথে আলোচনায় বসার ইঙ্গিত দেয়া হয় নাইজেরিয়ার পক্ষ থেকে। আর অপহূত স্কুল ছাত্রীদের অভিভাবকরা তাদের মেয়েদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে আসছেন বেশ কিছুদিন ধরে।