বাপ দাদার পেশা ছেড়ে দিচ্ছে চুনিয়ারা
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মে ২০১৪, ২২:২২
পূর্ব পুরুষের পেশা ধরে রাখতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর চুনিয়াপাড়ার ১৫ চুনিয়া পরিবার। এ পেশায় টিকে থাকতে না পেরে বাধ্য হয়ে পেশা বদলে ফেলেছে গ্রামের ২৫ পরিবারের মধ্যে ১০ পরিবার। চুনিয়াপাড়ার বেশিরভাগ ঝিনুক পোড়ানোর চুলা পড়ে আছে ঝিনুক বিহীন। দু’চার জনের বাড়িতে চলছে পোড়ানো ঝিনুক খুঁচিয়ে চুন তৈরির কাজ। বাড়ির পুরুষরা গেছেন ঝিনুক আনতে, আর নারীরা বাড়িতে ঝিনুক খুঁচিয়ে চুন তৈরি করেন। চুনিয়াপাড়ার গৃহবধূ চুন কারিগর অমিলা বালা (২৮) বলেন, আগে গ্রামের পাশের ছোট যমুনা ও তিলাই নদী থেকে বিনামূল্যে ঝিনুক পাওয়াসহ এলাকার বনজঙ্গল থেকে খড় কুটা ও পাতা কুড়িয়ে ঝিনুক পুড়িয়ে চুন তৈরি করা হতো। এতে আয় বেশি হতো। কিন্তু নদীগুলো মরে যাওয়ায় ৩০ থেকে ৪০ কিলোমিটার দূর মোহনপুরের পুনর্ভবা নদী থেকে ২৮০ টাকা মণ দরে কিনতে হচ্ছে। এতে সংসার চলা দায়। তবে চুন বিক্রি হলে চুলায় আগুন জ্বলে, না হলে না খেয়ে থাকতে হয়। এরপরও রয়েছে এনজিওগুলোর ঋণের কিস্তির তাগিদ।