মুরাদনগরে সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে

দীর্ঘ ১০ বছর ধরে সড়কের সংস্কার না হওয়ায় কুমিল্লার মুরাদনগর উপজেলার অধিকাংশ সড়কের বেহাল দশা। এতে পথচারীসহ বাস যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, মুরাদনগর উপজেলার সড়ক ও জনপথ বিভাগের অধীন প্রধান গুরুত্বপূর্ণ ৫টি আঞ্চলিক সড়কের অবস্থা একেবারেই বেহাল হয়ে পড়েছে। গুরুত্বপূর্ণ এসব সড়কের মধ্যে মুরাদনগর-ঢাকা সড়কের ২৫ কিলোমিটার, মুরাদনগর-রামচন্দ্রপুর ১০ কি.মি, কোম্পানীগঞ্জ-নবীনগর ১৭ কি.মি, মুরাদনগর-কোম্পানীগঞ্জ-হোমনা সড়কের ১২ কিলোমিটার এবং নবীপুর-শ্রীকাইল ১১ কি.মি সড়ক অনেকটা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এসব সড়কের ব্রিজ-বেইলি ব্রিজগুলোও যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। মুরাদনগর-ঢাকা সড়কের একাংশ ভেঙ্গে ক্রমাগত গোমতী নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এছাড়া প্রায় অর্ধশত বছর আগে মুরাদনগর-ঢাকা সড়কের থানা সংলগ্ন গোমতীর উপর নির্মিত বেইলি ব্রীজ ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রতিদিন অসংখ্য যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাক ঝুঁকি নিয়ে চলাচল করছে। এ ব্রিজটির পাশে সড়ক ও জনপথ বিভাগ ‘ব্রিজটি ঝুঁকিপূর্ণ’ সাইনবোর্ড লিখেই তাদের দায় এড়াতে চাচ্ছেন। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, এ উপজেলায় ২০টি বেইলি ব্রীজের বেশিরভাগই ঝুঁকিপূর্ণ। সড়ক ও ঝুঁকিপূর্ণ ব্রিজ সংস্কার কার্যক্রম অচিরেই গ্রহণ করা হবে।