পৃথক দুর্ঘটনায় নিহত ৪

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক দুর্ঘটনায় চারজন মারা যাওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। শিবগঞ্জে ২ জন নিহত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গত শুক্রবার রাতে ডাকাতের হামলায় সেলিম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও তিনজন আহত হয়েছেন। শিবগঞ্জ থানার ওসি আশিকুর রহমান জানান, একটি মোটর সাইকেলে চারজন রহনপুর থেকে কানসাট আসার সময় রাত ১০টায় পুশকুনি এলাকায় ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা রাস্তার দুই পাশে গাছে রশি বেঁধে মোটরসাইকেলের গতি রোধ করলে তারা রাস্তায় পড়ে আহত হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ডাকাতরা আহতদের পকেটে থাকা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর সেলিম মারা যায়। এদিকে, শিবগঞ্জ উপজেলার মনাকষা ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভটভটির নিচে পড়ে একবর আলী (৬৫) নামে একজন নিহত ও ১০ জন আহত হন। সীতাকুণ্ডে শীপব্রেকিং ইয়ার্ডে শ্রমিক নিহত চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শীপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় গত শুক্রবার রাত ৮টায় মহসিন (৪০) নামে এক শ্রমিক মারা যান। কুমিরা সাগর উপকূলে মো. আব্দুল হাইয়ের মালিকানাধীন লিজেন্ড হোল্ডিং জাহাজ ভাঙার কাজ করার সময় মহসিন জাহাজের ওপর থেকে পড়ে গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হবিগঞ্জের সদর উপজেলার লস্করপুর জমাদার বাড়ি এলাকায় গতকাল শনিবার দুপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারী মারা গেছেন। এলাকাবাসী জানান, ঢাকা থেকে সিলেটগামী সুরমা মেইল ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছলে নারী ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে।