দিরাইয়ে বত্রিশ ভুয়া মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৩২ জন ভুয়া মুক্তিযোদ্ধার নামে বরাদ্দকৃত ভাতা ও সনদ সম্প্রতি বন্ধ রাখার নির্দেশ দিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। উপজেলার শরীফপুর গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শফিক চৌধুরী (গেজেট নং ১৬৬১) ও আজমান মিয়ার (১৫১৫) লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাত্ক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা দিরাইকে এ নির্দেশ প্রদান করেন তিনি। অভিযোগে জানা যায়, ২০০৫ সালের ৪ঠা জুন প্রকাশিত গেজেটে ভাঙাডহর গ্রামের মুক্তিযোদ্ধা কমলা কান্ত যার গেজেট নং- ১৫৮৯, পাশাপশি ২০১৩ সালের ৯ ডিসেম্বর প্রকাশিত গেজেটে হরনগর গ্রামের মৃত আব্দুল কাহেরের গেজেট নং- ১৫৮৯। এভাবেই ৩২ জন প্রকৃত মুক্তিযোদ্ধার নাম ও গেজেট নম্বরের সাথে অমুক্তিযোদ্ধা ৩২ জনের তালিকা বানানো হয়েছে। গতকাল শনিবার মুক্তিযোদ্ধা মোঃ শফিক চৌধুরী (১৬৬১) বলেন, যারা সিন্ডিকেট করে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা একই গেজেট নম্বরে অন্তর্ভুক্ত করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রকৃত মুক্তিযোদ্ধাদের দাবি। দিরাই উপজেলা নির্বাহী অফিসার আলতাফ হোসেন বলেন, মন্ত্রীর নির্দেশের পর ভাতা প্রদান বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা সমাজ সেবা অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে।