সৈয়দপুরের ৬৯ জন নির্বাচিত যুবক আজও ভিসা পায়নি

সরকারি ব্যবস্থাপনায় নীলফামারীর সৈয়দপুর থেকে নির্বাচিত ৬৯ জন বেকার যুবকের বিদেশে কর্মসংস্থান হয়নি। অনলাইনে রেজিষ্ট্রেশন করা এসব যুবক দীর্ঘ ১৬ মাস অপেক্ষা করেও মালয়েশিয়া যাওয়ার ভিসা পায়নি। ২০১৩ সালের জানুয়ারি মাসে কম খরচে সরকারি উদ্যোগে মালয়েশিয়ায় কর্মসংস্থানের লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দেশব্যাপী অনলাইনে বেকার যুবকদের নাম তালিকাভুক্ত করা হয়। সৈয়দপুরের ৫টি ইউনিয়নের তথ্য কেন্দ্রের মাধ্যমে ২ হাজার বেকার যুবক নাম রেজিষ্ট্রেশন করে। মালয়েশিয়ার প্লানটেশন খাতের এ কাজের জন্য ৬৯ জন বেকার যুবককে নির্বাচিত করা হয়। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় লটারীর মাধ্যমে প্রথম পর্যায়ে ২৩ জন যুবককে ভিসার জন্য মনোনীত করে। মনোনীত এসব যুবককে প্রশিক্ষণসহ প্রবাসী কল্যাণ ব্যাংকে হিসাব খোলা হয়। এছাড়াও তাদের পাসপোর্ট, পুলিশ তদন্ত ও ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে বিদেশ গমনের সকল কার্যক্রম চূড়ান্ত করা হয়। কিন্তু দীর্ঘ ১৬ মাস অপেক্ষার পরেও তাদের ভিসা মেলেনি।