রূপগঞ্জে জুট মিল কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ১৭ মে ২০১৪, ২২:২৬
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার উত্তরা জুট মিলের জেনারেল ম্যানেজার রজেন্দ্র চন্দ্র সাহার অপসারণ ও শ্রমিক নেতা জাইদুল হকের চাকরি বহালের দাবিতে গতকাল শনিবার শ্রমিক, কর্মকর্তা, কর্মচারীরা মানববন্ধন করেন। এশিয়ান হাইওয়ে সড়কের মায়ারবাড়ি এলাকায় মানববন্ধন কর্মসূচির পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করেন তারা। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ থানা শ্রমিকলীগের সভাপতি বেলায়েত হোসেন, কাঞ্চন পৌর শ্রমিকলীগের সভাপতি জাইদুল হক, উত্তরা জুট মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মঞ্জু মিয়া, আবুল হোসেন, রবিউল আলম, আবুল কাশেম, সামাদ, শাহিন মিয়া, ফটিক মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মিলের শ্রমিকদের মারধর, নির্যাতন ও নানা অনিয়ম চালিয়ে আসছেন জেনারেল ম্যানেজার রজেন্দ্র চন্দ্র সাহা। সম্প্রতি সিবিএ নেতা জাইদুল হককে মিল থেকে বের করে দেয়া হয়। অবিলম্বে রজেন্দ্র চন্দ্র সাহার অপসারণ ও জাইদুল হকের চাকরি পুনর্বহাল করার দাবি করেন বক্তারা। গতকাল শনিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এশিয়ান হাইওয়ে সড়কের মায়াবাড়ি এলাকায় উত্তরা জুট মিলের শত শত শ্রমিক-কর্মচারী মানববন্ধন ও অনশন কর্মসূচি পালন করেন।