দু’বছর ধরে রামেকের ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির নির্বাচন বন্ধ
প্রকাশ : ১৭ মে ২০১৪, ২২:২৬
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারীদের আঞ্চলিক ইউনিয়ন কমিটির নির্বাচন দুই বছর যাবত্ ঝুলে আছে। এখনো নতুন নির্বাচনের কোন প্রস্তুতি নেই। মেয়াদ উত্তীর্ণ সভাপতি ও সাধারণ সম্পাদক চালাচ্ছেন সমিতির কার্যক্রম। রামেক হাসপাতাল তিন বছর মেয়াদী চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৯ সালে। ওই নির্বাচনে মুক্তার হোসেন সভাপতি ও আসির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নিয়মানুযায়ী ২০১২ সালে মেয়াদ শেষের আগেই নতুন নির্বাচন হওয়ার কথা।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারীদের অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ হলেও সভাপতি ও সম্পাদক বিভিন্নভাবে হাসপাতালে প্রভাব বিস্তার ও হাসপাতাল প্রশাসনের যোগসাজসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। সমিতির সাধারণ সম্পাদক আসির উদ্দিন জানান, জেলার সাথে সম্পৃক্ততা থাকার ফলে রামেক হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির নির্বাচন দেয়া সম্ভব হচ্ছে না। জেলা চাইলেই নির্বাচন দিতে পারে।