চতুর্থ দিনেও হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ

তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল শনিবার ৪র্থ দিনের মত আমদানি-রপ্তানি বন্ধ রাখেন হিলি স্থলবন্দরের আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলে জানিয়েছেন সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন। বিজিবির হয়রানি ও রাজস্ব ক্ষতির প্রতিবাদে টানা বন্ধ থাকার পরও প্রশাসনিকভাবে কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে সরকার যেমন হারাচ্ছে রাজস্ব তেমনি ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন । এদিকে ব্যবসায়ীদের আন্দোলনের ফলে পানামা পোর্ট অভ্যন্তরে শতাধিক ভারতীয় ট্রাক আটকা পড়েছে। অপরদিকে দেশে প্রবেশের অপেক্ষায় ওপার সীমান্তে আটকে আছে আরো দেড় হাজার পণ্য বোঝাই ট্রাক। গরমে আটকে পড়া কাঁচাপণ্য নষ্ট হতে শুরু করেছে। এদিকে পানামা ২ নং গেট চত্বরে গতকাল দুপুরে ব্যবসায়ীরা বিজিবি অধিনায়কের অপসারণসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করে।