বরিশাল টেক্সটাইল কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ

বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গতকাল শনিবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। সকাল থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ করে। একপর্যায়ে কলেজ অধ্যক্ষ মোঃ আবদুস সাত্তার সিকদারকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এ কলেজে আবাসিক, শিক্ষক, পানি সংকটসহ পরিবহন ব্যবস্থা ও কমন রুম নেই। পাশাপাশি বহিরাগতদের সন্ত্রাসের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীরা প্রায়ই সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ করে আসছে। কলেজ অধ্যক্ষ আব্দুস সাত্তার জানান, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হলেও তাদের আন্দোলন অযৌক্তিক। তিনি জানান, ভূমি মন্ত্রণালয় থেকে প্রাপ্ত কলেজের পিছনের তিন একর জমি বাবদ ভূমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসকের কাছে ১৯ কোটি ৭৭ লাখ টাকা বুঝিয়ে দেয়া হয়েছে। কিন্তু ৩৩ শতাংশ জমির উপর এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করায় ভূমি অধিগ্রহণ বিঘ্নিত হচ্ছে।