ঝরে গেল লক্ষাধিক শিক্ষার্থী

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে আনন্দের পাশাপাশি প্রায় সোয়া এক লাখ শিক্ষার্থীর মধ্যে বিষাদও ভর করেছে। পরীক্ষায় ফেল, অনুপস্থিতি ও বহিষ্কারজনিত কারণে এ বছর এসএসসি পরীক্ষা থেকে ঝরে গেছে এক লাখ ৩১ হাজার ৫৭০ ছাত্র-ছাত্রী। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৪ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করে ১৪ লাখ ৩৪ হাজার ৯০১ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেননি ৭ হাজার ৯৮৭ পরীক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণকারী ১৪ লাখ ২৬ হাজার ৯২৩ শিক্ষার্থীর মধ্যে পাস করতে পারেননি এক লাখ ২২ হাজার ৮৭১ জন। আর পরীক্ষার হল থেকেই বহিষ্কৃত হয়েছেন ৭১২ শিক্ষার্থী। এ বছর নিবন্ধন পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ২২ হাজার ৮৬ জন, রাজশাহী বোর্ডে ৫ হাজার ৪৮৯, কুমিল্লায় ১৫ হাজার ১৪৫, যশোরে ১০ হাজার ৭৪৫, চট্টগ্রামে ৮ হাজার ১৭৭, বরিশালে ৬ হাজার ৮৯০, সিলেটে ৭ হাজার ৪৯৯, দিনাজপুর বোর্ডে ৮ হাজার ৫০৮ জন শিক্ষার্থী ঝরে গেছে। মাদ্রাসা বোর্ডে ঝরে গেছে ২৮ হাজার ৫৬২ এবং কারিগরি বোর্ডে ১৮ হাজার ৪৬৯ শিক্ষার্থী।