এগিয়ে যাওয়া নারী

লিডারশিপ এ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি মেয়ে

যুক্তরাষ্ট্রের আগামী দিনের নেতৃত্ব বাছাই প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের পুরষ্কার পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সামিহা উদ্দিন। সমপ্রতি শিকাগো শহরে ইলিনয়েস স্টেট আয়োজিত ‘ইয়ুথ এক্সেল এ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে সামিহা উদ্দিনকে পুরষ্কারে ভূষিত করেন ইলিনয়েস অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট জেসি হোয়াইট। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেসি হোয়াইটের কাউন্সিল মেম্বার বাংলাদেশি বংশোদ্ভুত শাহ মোজাম্মেলসহ শিকাগোতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় সামাজিক ক্ষেত্রে সফলতা ও নেতৃত্বে অবদান রাখায় সামিহা উদ্দিনের গর্বিত পিতা কয়েস উদ্দিনকেও পুরষ্কৃত করা হয়। বাংলাদেশে কয়েস উদ্দিনের গ্রামের বাড়ি সিলেটে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে বসবাসরত এশিয়ানদের মধ্যে মানবসেবা ও নেতৃত্বের জন্য এ পুরষ্কার প্রদান করা হয়। ইলিনয়েস স্টেটে মানবসেবায় অবদানের স্বীকৃতি স্বরুপ এ বছর এশীয় আমেরিকানদের মধ্যে নেতৃত্বের এ পুরষ্কারে ভূষিত হলেন সামিহা।