ফলাফল শোনার আগেই আত্মহত্যা

এসএসসি পরীক্ষার ফলাফল শোনার আগেই নীলফামারীর ডোমার উপজেলায় এক ছাত্র গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে উপজেলার চিলাহাটির সফিকুল ইসলাম সবুজের পুত্র রাফাত হাসান অয়ন (১৫) চিলাহাটি মার্চেন্ট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার রোল নং ঃ ১৫৮৭২৪। শনিবার পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই নিজ শোয়ার ঘরে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে সে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে। অয়ন জিপিএ-৪.৫০ পেয়েছে বলে বিদ্যালয় সূত্রে জানা গেছে। চট্টগ্রামে জিপিএ-৫ না পেয়ে আত্মহত্যা চট্টগ্রাম অফিস জানায়, চট্টগ্রামে এসএসসিতে জিপিএ-৫ না পেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সৌরভ (১৭) নামে এক শিক্ষার্থী। ফলাফল প্রকাশের পর নিজ বাসায় সিলিং ফ্যানের সাথে রশি বেঁধে আত্মহত্যা করে সে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক সৌরভকে মৃত ঘোষণা করেন।