কালিয়াকৈরে ১২ ঘণ্টা পর অপহূত ব্যবসায়ী উদ্ধার
কালিয়াকৈর ( গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৮ মে ২০১৪, ২১:৪৮
৫ অপহরণকারী আটক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতকীতলা থেকে অপহূত ব্যবসায়ী আব্দুল্লাহ আল-কায়সারকে ১২ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। একই সাথে মুক্তিপণের তিন লাখ টাকা নিতে আসা বাড়ি মালিক ও অপহরণকারী দলের সদস্য শ্যামন মিয়া (২৫), রসুলপুরের সৈয়দ মুন্না রিজভী (২১), আড়ং খাঁন (২৩), হাবিবুর রহমান (২৩) ও সৈয়দ রাহাত হোসেন (২৫) কে গ্রেফতার করেছে।
অপহূতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া থানার রাধাকানাই গ্রামের আব্দুল্লাহ আল-কায়সার স্বপরিবারে হরতকীতলার মোঃ শ্যামন মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। গত শনিবার সকাল ৮টার দিকে বাসার মালিকসহ আরো ৪ জন তাকে ডেকে নিয়ে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অপহূতের স্ত্রী তাজনুবা খাঁনম বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশের পরামর্শে সে মুক্তিপণের টাকা নিয়ে সন্ধ্যা ৭টার দিকে চন্দ্রা এলাকায় যান। সেখানে মুক্তিপণের টাকা নেয়ার জন্য উপস্থিত হয় বাড়ির মালিক শ্যামন মিয়া। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যানুযায়ী রসুলপুরের আব্দুর রহিমের আম বাগানের জঙ্গল থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় কায়সারকে উদ্ধার করে। পরে একই তথ্যের ভিত্তিতে অপহরণকারী দলের আরো ৪ জনকে আটক করে। এব্যাপারে তাজনুবা খানম বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা করেছেন।
আক্কেলপুরে অপহরণের নয় দিনেও উদ্ধার হয়নি কলেজ ছাত্রী
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
অপহরণের ৯ দিন অতিবাহিত হলেও পুলিশ উদ্ধার করতে পারেনি অপহূত কলেজ ছাত্রীকে। মেয়েকে না পেয়ে দিশেহারা তার পরিবার।
জানা গেছে, ১১ মে সকালে উপজেলার গোপিনাথপুর গ্রামের চিত্তরঞ্জন মোহন্তের কলেজ পড়ুয়া মেয়ে পাশা রানী পার্শ্ববর্তী নানা বাড়িতে যাওয়ার সময় একই এলাকার মাহবুব আলমের ছেলে মাহফুজুর রহমান পিয়াস তাকে একটি সিএনজি চালিত অটোরিক্সায় জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেও মেয়েকে ফিরে না পেলে অবশেষে চিত্তরঞ্জন আক্কেলপুর থানায় পিয়াস ও তার বাবাসহ অজ্ঞাত আরো ৩/৪ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। বাবা চিত্তরঞ্জন মোহন্ত অভিযোগ করে বলেন, অপহরণকারীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পুলিশ কাউকে গ্রেফতার করছেন না এবং আমার মেয়েকে উদ্ধারেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না।
এ ব্যাপারে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, অপহূত কলেজ ছাত্রীকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব শীঘ্রই অপহরণকারীদের গ্রেফতার করা হবে।
দামুড়হুদায় চাঁদা না পেয়ে গৃহবধূ অপহরণ
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চাঁদার টাকা না পেয়ে দামুড়হুদার জয়রামপুর গ্রাম থেকে এক গৃহবধূকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ তত্পরতা চালিয়ে অপহূতকে উদ্ধার করতে পারেনি। জানা যায়, শনিবার রাত ৯টার দিকে উপজেলার জয়রামপুর গাতির পাড়া গ্রামের কালু মিয়ার স্ত্রী কণা খাতুন (২৪) নিজ বাড়ি থেকে পাশের বাড়ি যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। অপহূতের স্বামী কালু মিয়া জানান, গত ৯ ও ১৩ মে রাতে তিন লাখ টাকা চাঁদা দাবি করে পর পর দুটি চিঠি দিয়ে যায়। দাবিকৃত টাকা পরিশোধ না করলে তাকে হত্যার হুমকি দেয়া হয়। অবশেষে চাঁদা না পেয়ে স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়।