জামানত বাজেয়াপ্তের রেকর্ড কংগ্রেসের

‘মোদী সুনামি’ একটু থিতিয়ে পড়তেই লোকসভা নির্বাচনের একের পর পর এক রেকর্ড উঠে আসছে। যেমন দেশের নিরিখে প্রত্যেক ১০ জন কংগ্রেস প্রার্থী মধ্যে ১ জন জিতেন। যেখানে বিজেপির জিতেছেন প্রতি ৩ জনে ২ জন। এ রকমই একটি সংখ্যাতত্ত্বে কংগ্রেসের ভরাডুবির আর একটি দৃশ্য ফুটিয়ে তুলেছে। রাজ্যের নাম তামিলনাড়ু। সেখানে মোট আসন ৩৯। প্রত্যেকটি আসনেই প্রার্থী দিয়েছিল কংগ্রেস। কোনও আসন জেতা তো দূরে থাক, ওই ৩৯ প্রার্থীর মধ্যে ৩৮ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে! হারাধনের একটি ছেলের মতো শুধু এক জন বেঁচে গিয়েছেন জামানত বাজেয়াপ্তের হাত থেকে। তার নাম এইচ বসন্তকুমার। জামানত ফিরে পাওয়ায় তিনি ওই রাজ্যে রীতিমতো ‘তারকা’ হিসেবে আবির্ভূত হয়েছেন। তার এই ‘সাফল্যে’ অভিনন্দনও জানিয়েছেন অনেকে। তিনি কন্যাকুমারি আসন থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। বড় ব্যবসায়ী বসন্তকুমারের চেইন শপ এবং টিভি চ্যানেলও রয়েছে। সেই টিভি চ্যানেলে দিনরাত টানা নিজের পক্ষে প্রচারের ফসল শুধু ওটুকু। জামানত ফিরে পাওয়া। শুধুমাত্র তার সমর্থনেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী প্রচারেও গিয়েছিলেন। আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছে। কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী যে প্রার্থীর সমর্থনে প্রচারে জনসভা করেছিলেন রামনাথপুরম কেন্দ্রে সেই প্রার্থী মাত্র ৬২ হাজার ভোট পেয়েছেন। এটাই তামিলনাড়ু রাজ্যে কংগ্রেস প্রার্থীর সব থেকে খারাপ ফল। রাজ্যে মোট ভোটের মাত্র ৪ শতাংশ ভোট পেয়েছে কংগ্রেস।