নরেন্দ্র মোদীকে ফোন করলেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে তার বিপুল বিজয়ে অভিনন্দন জানিয়েছেন। গতকাল রবিবার এই টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মোদীর নেতৃত্বাধীন ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী হবে। তিনি মোদীকে বাংলাদেশ সফরেরও আমন্ত্রণ জানান। এর আগে ১৬ মে লোকসভার ফল প্রকাশের দিন মোদীকে একটি লিখিত বার্তার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছিলেন, তার নেতৃত্বে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় আরোহণ করবে বলে বাংলাদেশ আশা প্রকাশ করে। ওই বার্তায় তিনি আরো বলেছিলেন, বাংলাদেশের একজন বড় সুহূদ বন্ধুপ্রতীম দেশ ভারতের নেতৃত্ব দিতে যাচ্ছেন এটা জেনে আমি অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ এবং ভারত পারস্পরিক উন্নয়নের অংশীদার। আমাদের ইতিহাস এবং সংস্কৃতির বন্ধন হাজার বছরের পুরানো। এই অবিচ্ছেদ্য বন্ধন স্থায়ী রূপ লাভ করে যখন ভারতের গোটা রাজনৈতিক অঙ্গন ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতা যুদ্ধে সমর্থন দান করে। সময়ের বিবর্তনে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে ঐতিহাসিক অগ্রগতি হয়েছে যা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।