রবীন্দ্র স্মরণে ‘ঘাসফুলে’র ‘গীতাঞ্জলি’ সেমিনার

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোত্সব উপলক্ষে সাংস্কৃতিক সংগঠন ‘ঘাসফুল’ আয়োজন করেছিল ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থ নিয়ে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল রবিবার বিকালে ‘ডেইলি স্টার’ সেন্টারের এ এস মাহমুদ সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. হায়াত্ মামুদ এবং আলোচনা করেন রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক, সাহিত্যিক ও অনুবাদক আলী আহমদ, ব্র্যাক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ফিরদৌস আজিম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অধ্যাপক হারুনুজ্জা-মান, ‘ডেইলি স্টার’ নির্বাহী সম্পাদক সৈয়দ বদরুল আহসান ও অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন। সেমিনারের শুরুতে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শিল্পী প্রিয়াংকা গোপ এবং আবৃত্তি করেন ভাস্বর বন্দোপাধ্যায়। অনুষ্ঠান উপস্থাপনা করেন রাবিয়া সুলতানা পান্না ও মাহমুদুল হাসান রুবেল। সিকদার আমিনুল হককে স্মরণ শনিবার ছিল কবি সিকদার আমিনুল হকের একাদশ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্যে দিয়ে সিকদার আমিনুল হককে স্মরণ করেছে ‘সিকদার আমিনুল হক কবিতা কেন্দ্র’। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক সৈয়দ শামসুল হক। সংস্থার সভাপতি ওসমান গনির সভাপতিত্বে আলোচক ছিলেন কবি মুহম্মদ নুরুল হুদা, অধ্যাপক মাসুদুজ্জামান, কবি কামাল চৌধুরী, ফারুক মাহমুদ প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি মিনার মনসুর। স্বরচিত কবিতাও পাঠ করেন কবিরা। বক্তারা বলেন, চার দশক কবিতা লিখেছেন সিকদার আমিনুল হক। নিভৃতচারী কবিস্বভাব তার মধ্যে ছিলো। যারা নতুন কবিতা চর্চা ও অনুসন্ধান করছেন, তাদের কাছে বরণীয় হয়ে উঠেছেন সিকদার আমিনুল হক। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১৬টি।